বিস্ময় বালকের শেষ মুহূর্তের গোল! জয়ের হ্যাটট্রিকে সন্তোষ ট্রফির শেষ আটে বাংলা – এবেলা
এবেলা ডেস্কঃ
রবিবাসরীয় দ্বৈরথে রাজস্থানকে ১-০ গোলে হারিয়ে সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বাংলা। টানটান উত্তেজনার ম্যাচে ৮৯ মিনিটে বদলি ফুটবলার সায়ন বন্দ্যোপাধ্যায়ের করা দর্শনীয় গোল সঞ্জয় সেনের দলকে জয়ের স্বাদ দেয়। বিপক্ষের কঠিন লড়াই সামলে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয় পেল বঙ্গ ব্রিগেড।
টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত বাংলা মোট ৬টি গোল করলেও নিজেদের জালে একটিও গোল জড়াতে দেয়নি। আক্রমণভাগের অন্যতম সেরা অস্ত্র উত্তম হাঁসদা ও নরহরি শ্রেষ্ঠাকে ছাড়াই পরিকল্পিত রক্ষণাত্মক ফুটবল ও প্রতি-আক্রমণে বাজিমাত করেছে তারা। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক-আউট পর্বে পা রাখল লাল-হলুদ ও সবুজ-মেরুন ফুটবলারদের নিয়ে গড়া এই বাংলা দল।

