একীভূত হতে চলেছে ইডি ও আয়কর দপ্তর, মোদী সরকারের বিশেষ পরিকল্পনা ঘিরে তুঙ্গে জল্পনা – এবেলা
এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ দুই প্রভাবশালী তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও আয়কর দপ্তরকে একীভূত করার গুঞ্জন জোরালো হয়েছে দিল্লির অলিন্দে। সম্প্রতি আয়কর দপ্তর থেকে রেকর্ড সংখ্যক কর্মীকে ডেপুটেশনে ইডির সদর দপ্তরে বদলি করা হয়েছে, যা এই সংযুক্তিকরণ প্রক্রিয়ার প্রাথমিক ধাপ বলে মনে করা হচ্ছে। সাধারণত ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর আয়করের প্রভাব থাকলেও, ইডি বর্তমানে রাজনৈতিক নেতা ও আর্থিক দুর্নীতির তদন্তে অধিক সক্রিয়। এই পদক্ষেপের মাধ্যমে ইডির কার্যক্ষমতা ও আইনি কাঠামোকে আরও শক্তিশালী করার কৌশল নিচ্ছে কেন্দ্র।
পরিসংখ্যান অনুযায়ী, গত এক দশকে শত শত রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা হলেও ইডির সাজার হার অত্যন্ত নগণ্য। তদন্তে সাফল্যের এই খতিয়ান উন্নত করতেই মূলত আয়কর দপ্তরের অভিজ্ঞ কর্মীদের কাজে লাগানোর পরিকল্পনা করা হয়েছে। বিরোধীদের দাবি, পশ্চিমবঙ্গসহ অ-বিজেপি রাজ্যগুলোতে ভোটের আগে তল্লাশির মাত্রা বাড়াতেই এই শক্তিবৃদ্ধি। একদিকে সিবিআই তদন্তের সঙ্গে ইডির সংযোগ বৃদ্ধি এবং অন্যদিকে আয়কর দপ্তরের গুরুত্ব কমিয়ে ইডিকে সর্বেসর্বা করে তোলা মোদী সরকারের নতুন কোনো প্রশাসনিক সংস্কারের ইঙ্গিত দিচ্ছে।

