ভোটের অধিকার কি সংকটে? ভোটার তালিকায় ‘অসংগতি’ নিয়ে মোদী সরকারকে তুলোধুনো সুখেন্দুশেখরের – এবেলা
এবেলা ডেস্কঃ
জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তাঁর অভিযোগ, গণতন্ত্রের রক্ষক হওয়ার পরিবর্তে কমিশন এখন দিল্লির শাসকদলের অঙ্গুলিহেলনে সাধারণ মানুষের ভোটাধিকার হরণে সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে বাংলা ও আসামে সুপরিকল্পিতভাবে জনবিন্যাস পরিবর্তনের দোহাই দিয়ে নাগরিকদের হয়রান করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
সাংসদের দাবি, ভোটার তালিকা সংশোধনের নামে প্রায় দেড় কোটি মানুষকে নজিরবিহীন হেনস্থার শিকার হতে হচ্ছে। নথি থাকা সত্ত্বেও নাগরিকদের নতুন করে জন্মের শংসাপত্র দেখাতে বাধ্য করা হচ্ছে, যা কার্যত মৌলিক অধিকারের পরিপন্থী। স্বচ্ছতার আড়ালে এই প্রক্রিয়া আসলে বাংলার বিপুল সংখ্যক মানুষের সাংবিধানিক ক্ষমতা কেড়ে নেওয়ার এক গভীর ষড়যন্ত্র বলে তিনি তোপ দাগেন।

