মা’কে কুপিয়ে খুন করে উধাও ‘গুণধর’ ছেলে, ভিন জেলা থেকে পুলিশের জালে খুনি আতাউল্লাহ! – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে পারিবারিক বিবাদের জেরে ৬০ বছর বয়সী বৃদ্ধা মা আকিলা গাজিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছোট ছেলে আতাউল্লাহ গাজির বিরুদ্ধে। শুক্রবারের এই নৃশংস ঘটনার পর অভিযুক্ত এলাকা ছেড়ে নদিয়ায় গা ঢাকা দিয়েছিল। তবে শেষরক্ষা হয়নি; মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ তাকে নদিয়া থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আতাউল্লাহর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তাকে রবিবার ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়। অভিযুক্তের দাদা শালাউল্লা গাজি তার ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কী কারণে মা-ছেলের মধ্যে নিত্যদিন অশান্তি চরমে উঠেছিল এবং খুনের নেপথ্যে সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য ছিল কি না, তা জানতে পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করছে।

