বিজেপির সমর্থনে সরকার গঠন? তৃণমূলের সাঁড়াশি আক্রমণে বিস্ফোরক ভোলবদল হুমায়ুন কবিরের! – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ১০০ আসন পেলে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নের কথা জানিয়ে শোরগোল ফেলেছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। বিজেপির সমর্থনে সরকার গঠনের ইঙ্গিত দিয়ে তৃণমূলের তীব্র আক্রমণের মুখে পড়েন তিনি। জবাবে একটি ভিডিও বার্তায় তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের স্বার্থে বিজেপি বা তৃণমূল—যেকোনো গণতান্ত্রিক শক্তির শর্তসাপেক্ষ সমর্থন নিতে তিনি প্রস্তুত। তাঁর অভিযোগ, তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বক্তব্যের খণ্ডিত ভিডিও প্রচার করে জনমানসে বিভ্রান্তি ছড়াচ্ছে।
বসিরহাটের মাওলানাবাগ দরবারে পৌঁছে তিনি বেলডাঙার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুকে পরিকল্পিত খুন বলে দাবি করেন এবং প্রশাসনিক আত্মহত্যার তত্ত্বকে নাকচ করে দেন। এছাড়া, তিনি ঘোষণা করেন যে আগামী ১১ ফেব্রুয়ারি বেলডাঙায় বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু হবে এবং কেউ এই কাজে বাধা দিতে পারবে না। তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে তিনি জানান, শাসক দল বর্তমানে দিশেহারা হয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।

