ইউরোপীয় ইউনিয়নের গাড়িতে আমদানি শুল্ক কমাতে পারে ভারত: রিপোর্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (EU) মধ্যে বহুল প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) মঙ্গলবার চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির অধীনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে তৈরি গাড়ির ওপর আমদানি শুল্ক উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে ভারত সরকার। বর্তমানে এই শুল্কের হার ১১০ শতাংশ থাকলেও তা কমিয়ে ৪০ শতাংশে নামিয়ে আনা হতে পারে।
রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ১৫ হাজার ইউরোর বেশি মূল্যের গাড়ির ক্ষেত্রে এই শুল্ক ছাড় দিতে সম্মত হয়েছে। প্রাথমিক পর্যায়ে এই শুল্ক ৪০ শতাংশ করা হলেও পরবর্তীতে ধাপে ধাপে তা ১০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এর ফলে ভারতীয় বাজারে ভক্সওয়াগন, মার্সিডিজ-বেঞ্জ এবং বিএমডব্লিউ-এর মতো লাক্সারি গাড়ির দাম অনেকটাই কমতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে এই বিষয়ে ভারতের বাণিজ্য মন্ত্রক বা ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। আলোচনার প্রক্রিয়া চলমান থাকায় শেষ মুহূর্তে চুক্তির শর্তাবলীতে কিছু পরিবর্তন আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দীর্ঘ কয়েক বছর ধরে আলোচনার পর সম্পন্ন হতে যাওয়া এই চুক্তিটিকে ইউরোপীয় ইউনিয়ন ‘মাদার অফ অল ডিলস’ (Mother of all deals) হিসেবে বর্ণনা করেছে।
উল্লেখ্য, আমেরিকা ও চিনের পর ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার। তবে দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে ভারত আমদানিকৃত গাড়ির ওপর ৭০ থেকে ১১০ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্ক বজায় রাখে। টেসলা প্রধান ইলন মাস্ক ইতিপূর্বে একাধিকবার এই উচ্চ শুল্ক কাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। নতুন এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় গাড়ি নির্মাতাদের জন্য ভারতের বাজার আরও উন্মুক্ত হতে চলেছে।

