ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় রণংদেহি মেজাজে আদিবাসীরা
পূর্ব বর্ধমানে ভোটার তালিকা থেকে কয়েক হাজার আদিবাসীর নাম বাদ যাওয়ার আশঙ্কায় তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। রবিবার জেলাশাসকের দপ্তরের সামনে নেতাজি মূর্তির পাদদেশে অনশনে বসেন তৃণমূল কংগ্রেসের আদিবাসী শাখার নেতা ও কর্মীরা। অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশন ‘নো ম্যাপিং’ তালিকার দোহাই দিয়ে আদিবাসীদের নাগরিকত্বের প্রমাণ দিতে বাধ্য করছে, যা তাদের মৌলিক অধিকারের পরিপন্থী। বিশেষ করে আউশগ্রাম, কালনা ও মেমারি এলাকার বাসিন্দারা এই ঘটনায় ব্যাপক আতঙ্কে রয়েছেন।
আদিবাসী নেতৃত্বের দাবি, বংশপরম্পরায় এদেশের বাসিন্দা হওয়া সত্ত্বেও জন্ম শংসাপত্র বা প্রাতিষ্ঠানিক নথির অভাবকে হাতিয়ার করে তাদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, যতক্ষণ না পর্যন্ত সমস্ত আদিবাসীর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, ততক্ষণ এই অনশন কর্মসূচি অব্যাহত থাকবে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে দাবি করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। কমিশন সূত্র অনুযায়ী, প্রায় ১০ হাজার তফশিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষের নাম বর্তমানে অনিশ্চয়তার মুখে।

