লেটেস্ট নিউজ

রাজনগরে রুপোর মুকুটে বরণ অনুব্রতকে, ‘জেলা সভাপতি’ সম্বোধনে তুঙ্গে জল্পনা – এবেলা

এবেলা ডেস্কঃ

বীরভূমের রাজনীতির চেনা মেজাজে ফিরলেন অনুব্রত মণ্ডল। রবিবার সিউড়ি বিধানসভার রাজনগরে তৃণমূলের এক বিশাল জনসভায় অনুগামীদের দেওয়া রুপোর মুকুটে সেজে উঠলেন তিনি। তবে অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক ছিল মন্ত্রী চন্দ্রনাথ সিংহের একটি সম্বোধন। বর্তমানে জেলা কোর কমিটির আহ্বায়ক হওয়া সত্ত্বেও মঞ্চে অনুব্রতকে ‘জেলা সভাপতি’ বলে ডাকেন মন্ত্রী, যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

জনসভার মূল বক্তা হিসেবে অনুব্রত তাঁর পুরনো মেজাজেই বিজেপিকে নিশানা করেন। মাঠ উপচে পড়া ভিড় দেখে উজ্জীবিত অনুব্রত সরাসরি গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “মূর্খের স্বর্গে বাস করছেন। আপনাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? নাম বলতে পারবেন না।” কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে তিনি হুঁশিয়ারি দেন যে বিজেপিকে ভোট দিলে বাংলায় উন্নয়নের আলো নিভে গিয়ে অন্ধকার নেমে আসবে।

এদিনের সভায় মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ এবং জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়। মন্ত্রী তাঁর বক্তব্যে রাজ্য সরকারের নারী ক্ষমতায়ন ও গ্রামীণ রাস্তার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। যদিও অনুব্রতকে পুরনো পদে সম্বোধন করা নিয়ে তিনি জানান, দীর্ঘদিনের অভ্যাসবশতই এটি অনিচ্ছাকৃত ভুল। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সম্বোধন বীরভূম তৃণমূলে কেষ্টর একাধিপত্যের বার্তাই দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *