মাঘের শেষে শীতের কামড়: রাজ্যে পারদ পতন – এবেলা
এবেলা ডেস্কঃ
সরস্বতী পুজোর পর থেকেই আবহাওয়ার ভোলবদল শুরু হয়েছে। দিনের বেলা রোদের তেজ থাকলেও সন্ধ্যা নামতেই রাজ্যে ফিরছে ঠান্ডার আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে নেমেছে। আপাতত এক সপ্তাহ জুড়ে এই শুষ্ক আবহাওয়া ও হিমেল পরশ বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে কুয়াশার দাপট বাড়বে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পাশাপাশি পাহাড়ে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া বিশেষজ্ঞরা এখনই শীতের পোশাক তুলে রাখতে নিষেধ করছেন, কারণ ভোর ও রাতের দিকে ঠান্ডার দাপট আরও কয়েকদিন অব্যাহত থাকবে।

