আকাশে যুদ্ধের মেঘ: ৪ দেশে বিমান পরিষেবা বাতিল করল ইন্ডিগো – এবেলা
এবেলা ডেস্কঃ
আকাশপথে ক্রমবর্ধমান উত্তেজনা এবং নিরাপত্তাঝুঁকির কথা মাথায় রেখে ইরান অভিমুখে বা ইরানের আকাশসীমা ব্যবহারকারী বিমান চলাচলে বড়সড় পরিবর্তন আনল ইন্ডিগো। মূলত ইরানের আকাশপথ এড়িয়ে চলতে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত জর্জিয়া, কাজাখস্তান, উজবেকিস্তান এবং আজারবাইজান—এই চার দেশে বিমান পরিষেবা সাময়িকভাবে বাতিল করার ঘোষণা করেছে সংস্থাটি।
ইরানের ওপর মার্কিন হামলার আশঙ্কায় ওই অঞ্চলের আকাশসীমা ব্যবহার করা যাত্রীবাহী বিমানের নিরাপত্তার জন্য চরম ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছে ইন্ডিগো কর্তৃপক্ষ। সাধারণত এই দেশগুলোতে যাওয়ার জন্য ইন্ডিগোর ‘A320neo’ মডেলের বিমানগুলো ব্যবহৃত হয়। কিন্তু বিকল্প এবং দীর্ঘ পথ ঘুরে যাওয়ার জন্য যে পরিমাণ অতিরিক্ত জ্বালানি প্রয়োজন, তা বহন করার মতো ধারণক্ষমতা এই ছোট বিমানগুলোর নেই। বিকল্প পথে গেলে গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে ১ থেকে ২ ঘণ্টা সময় বেশি লাগবে এবং জ্বালানি খরচও আকাশচুম্বী হবে।
এই পরিস্থিতি মোকাবিলায় সংস্থাটি জানিয়েছে, আজ থেকে কিছু বিমানকে জ্বালানি ভরার জন্য কাতারের দোহায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি (Technical Stop) করিয়ে তারপর গন্তব্যে পাঠানো হতে পারে। তবে শুধু ইন্ডিগো নয়, এয়ার ইন্ডিয়া-সহ একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা ইতিমধ্যেই ইরানের আকাশপথ এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ভারত থেকে ইউরোপ ও আমেরিকাগামী বিমানগুলোর যাত্রার সময় অনেকটাই বেড়ে গিয়েছে।
যাত্রীদের জন্য জরুরি বার্তা: ইন্ডিগো জানিয়েছে, বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত (Refund) পাবেন অথবা চাইলে অন্য কোনো সুবিধাজনক তারিখে ভ্রমণের সুযোগ গ্রহণ করতে পারবেন।

