২০২৬-এর প্রথম চন্দ্রগ্রহণ: দোল পূর্ণিমার আগেই মহাজাগতিক দৃশ্য, ভারত থেকে কি দেখা যাবে? – এবেলা
এবেলা ডেস্কঃ
নতুন বছরের শুরুতেই মহাকাশপ্রেমীদের জন্য বড় খবর। ২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণ নিয়ে ধর্মীয় ও বৈজ্ঞানিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা। চলতি বছরে মোট চারটি গ্রহণ থাকলেও ভারত থেকে কেবল একটি চন্দ্রগ্রহণই স্পষ্টভাবে দৃশ্যমান হবে।
কবে ও কখন এই গ্রহণ?
ভারতীয় সময়ানুসারে আগামী ৩ মার্চ এই চন্দ্রগ্রহণ হতে চলেছে। গ্রহণ শুরু হবে দুপুর ৩টে ২০ মিনিটে এবং চলবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট পর্যন্ত। প্রায় ৩ ঘণ্টা ২৭ মিনিটের এই মহাজাগতিক স্থায়িত্বে গোটা দেশ নজর রাখবে আকাশের দিকে।
ভারত থেকে কি দেখা যাবে?
হ্যাঁ, এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তর-পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন— মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, আসাম ও অরুণাচল প্রদেশ থেকে এই দৃশ্য স্পষ্টভাবে উপভোগ করা যাবে।
সূতক কালের সময় ও নিয়ম
যেহেতু ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে, তাই ধর্মীয় রীতি মেনে এর সূতক কাল কার্যকরী হবে। ৩ মার্চ সকাল ৬টা ২০ মিনিটে সূতক শুরু হবে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে। প্রথা অনুযায়ী, এই সময়ে শুভ কাজ, রান্না বা পূজা-পাঠ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। তবে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য এই নিয়মে শিথিলতা রয়েছে।
রাশিচক্রে প্রভাব
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই চন্দ্রগ্রহণ ফাল্গুন পূর্ণিমা তিথিতে সিংহ রাশি এবং পূর্বফাল্গুনী নক্ষত্রে ঘটবে। ফলে সিংহ রাশির জাতক-জাতিকাদের ওপর এর বিশেষ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। জটিলতা এড়াতে তাঁদের বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলছেন বিশেষজ্ঞরা।

