১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট, সুশৃঙ্খল সংসদ চালাতে সর্বদলীয় বৈঠকে আরজি কেন্দ্রের – এবেলা
এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: আগামী ১ ফেব্রুয়ারি পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট। মঙ্গলবার সর্বদলীয় বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান সংসদীয় বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু। তিনি আরও জানান, বাজেটের আগে অর্থাৎ ২৯ জানুয়ারি সংসদে পেশ করা হবে দেশের অর্থনৈতিক সমীক্ষা (Economic Survey)।
এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকে ৩৯টি রাজনৈতিক দলের মোট ৫১ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সংসদের আসন্ন অধিবেশন যাতে নির্বিঘ্নে এবং গঠনমূলকভাবে পরিচালিত হয়, সেজন্য সমস্ত বিরোধী দলের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছে কেন্দ্র। রিজিজু বলেন, “সংসদে সদস্যদের একে অপরের বক্তব্য ধৈর্য ধরে শোনা উচিত। আমরা চাইছি প্রত্যেকেই যেন কথা বলার পর্যাপ্ত সুযোগ পান।” বাজেট অধিবেশনে জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো নিয়ে আলোচনার পরিবেশ বজায় রাখাই এখন সরকারের প্রধান লক্ষ্য।

