নির্বাচন কমিশনের নজিরবিহীন পদক্ষেপ: তিন আধিকারিকের বদলি বাতিলের নির্দেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যসচিবকে কড়া চিঠি দিল নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত তিন আধিকারিককে কমিশনের বিনা অনুমতিতে বদলি করায় এই ক্ষোভ প্রকাশ করা হয়েছে। কমিশনের অভিযোগ, গত বছরের নির্দেশ লঙ্ঘন করে অশ্বিনীকুমার যাদব, রণধীর কুমার ও স্মিতা পাণ্ডেকে সম্প্রতি বদলি করা হয়েছিল।
কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, এই আধিকারিকদের বদলির নির্দেশ অবিলম্বে বাতিল করতে হবে। ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপের আগে কমিশনের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক বলেও মনে করিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে বুধবারের মধ্যে রাজ্যকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন।

