তথ্য গোপন করে বিপাকে, প্রাথমিকের ইন্টারভিউ থেকে বাদ বহু প্রার্থী – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: শুরুতেই ধাক্কা! প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়ার প্রথম দিনেই বাদ পড়লেন অসংখ্য পরীক্ষার্থী। মূলত আবেদনের সময় তথ্য গোপন এবং ভুল তথ্য দেওয়ার কারণেই ভেরিফিকেশন পর্বে তাঁদের আটকে দেওয়া হয়েছে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর।
কলকাতা জেলার প্রার্থীদের দিয়ে এই দফার ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে। পর্ষদ জানিয়েছে, কলকাতা, ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি জেলার প্রার্থীদের এই সাক্ষাৎকার পর্ব চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন গড়ে ৫০০ জন প্রার্থীকে তলব করা হচ্ছে। উপস্থিতির হার সন্তোষজনক হলেও নথিপত্র যাচাইয়ের সময় ধরা পড়ছে একাধিক অসঙ্গতি।
কেন বাদ পড়ছেন প্রার্থীরা?
পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন, বেশ কিছু প্রার্থী উচ্চ প্রাথমিকের পার্শ্বশিক্ষক হওয়া সত্ত্বেও প্রাথমিকের পার্শ্বশিক্ষকদের জন্য বরাদ্দ বয়সের ছাড় দাবি করেছিলেন। আবার অনেক ক্ষেত্রে এনআইওএস (NIOS) থেকে ডিএলএড করা প্রার্থীদেরও নিয়ম মেনে বাদ দিতে হয়েছে। আবেদনের সময় এই তথ্যগুলো স্পষ্টভাবে উল্লেখ না করায় তাঁরা ইন্টারভিউয়ের ডাক পেয়েছিলেন, কিন্তু স্ক্রুটিনিতে পৌঁছাতেই তাঁদের বাতিল ঘোষণা করা হয়।
পিছিয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের কাউন্সেলিং
প্রাথমিক নিয়োগে তৎপরতা থাকলেও স্কুল সার্ভিস কমিশনের (SSC) উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুঃসংবাদ। জানুয়ারির শেষে কাউন্সেলিং শুরু হওয়ার কথা থাকলেও তা এখনই সম্ভব হচ্ছে না। স্কুল শিক্ষা দপ্তর থেকে শূন্যপদের চূড়ান্ত তালিকা না আসায় থমকে আছে প্রক্রিয়া। সূত্রের খবর, এই তালিকা হাতে পেতে এবং কাউন্সেলিং শুরু করতে আরও বেশ কিছুদিন সময় লাগবে।

