জেলে উপচে পড়া ভিড়, রাজ্যকে কড়া হুঁশিয়ারি হাইকোর্টের – এবেলা
এবেলা ডেস্কঃ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আদালতের একের পর এক নির্দেশের পরেও রাজ্যের জেলগুলিতে বন্দি রাখার পর্যাপ্ত জায়গা তৈরি হয়েছে কি না, তা নিয়ে নবান্নের কাছে জবাব তলব করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখার পর যদি দেখা যায় জায়গার অভাব মিটছে না, তবে আদালত স্বতঃপ্রণোদিত হয়েই বন্দিদের জামিনের ব্যবস্থা করবে।
এদিন শুনানিতে রাজ্যের জেলের নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে একাধিক বিস্ফোরক তথ্য সামনে আসে। অভিযোগ উঠেছে, গত ৪-৫ বছরে রাজ্যের জেলগুলিতে ৯০৫ জনের অস্বাভাবিক মৃত্যু হলেও এখনও পর্যন্ত একটিও এফআইআর দায়ের করেনি রাজ্য সরকার। এমনকি ২০১৮ সালে ৪২ জনের অস্বাভাবিক মৃত্যুতে ক্ষতিপূরণ দেওয়ার যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল, তাও কার্যকর হয়নি।
জেলে কর্মী এবং চিকিৎসকের অভাব নিয়েও উষ্মা প্রকাশ করেছে আদালত। জানা গেছে, জেলে ২১৯টি মেডিকেল অফিসারের পদের মধ্যে ১৪৯টিই বর্তমানে শূন্য। আদালতের পূর্ববর্তী নির্দেশ মেনে কেন কর্মী নিয়োগ করা হয়নি, তা নিয়েও প্রশ্ন উঠেছে। আজ, বুধবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।

