ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ: প্রাক্তন উপাচার্য হারালেন ৩৫ লক্ষ টাকা! – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতায় ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয়াবহ প্রতারণার শিকার হলেন বারাসাত বিশ্ববিদ্যালয়ের (WBSU) প্রাক্তন উপাচার্য অশোক রঞ্জন ঠাকুর। সল্টলেকের এই প্রবীণ অধ্যাপককে আন্তর্জাতিক অপরাধচক্রে জড়িত থাকার ভয় দেখিয়ে প্রায় ৩৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা। প্রতারকরা নিজেদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আধিকারিক পরিচয় দিয়ে সুপ্রিম কোর্টের নামে ভুয়ো নোটিশ পাঠিয়ে এই জাল বিছিয়েছিল।
জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারির ভয় দেখিয়ে অধ্যাপককে আরটিজিএস (RTGS) মারফত টাকা পাঠাতে বাধ্য করা হয়। প্রতারকরা সিগন্যাল অ্যাপের মাধ্যমে তাঁকে নজরবন্দি করে ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে এই বিশাল অঙ্কের টাকা আত্মসাৎ করে। বিধাননগর সাইবার ক্রাইম থানা ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রতারকদের ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে তল্লাশি চালাচ্ছে।

