‘আমরাই বাধ্য করেছি’, সিঙ্গুর থেকে বিজেপিকে কড়া তোপ মমতার – এবেলা
এবেলা ডেস্কঃ
সিঙ্গুরের মাটি থেকে আত্মবিশ্বাসী সুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, রাজ্য সরকারের ক্রমাগত চাপের মুখেই কেন্দ্র বাংলাকে ‘ধ্রুপদী ভাষা’র মর্যাদা দিতে বাধ্য হয়েছে। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, কৃষি জমি রক্ষা করেই রাজ্যে শিল্পায়ন হবে।
এদিন জনসভা থেকে মুখ্যমন্ত্রী একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন:
- আশা ও আইসিডিএস কর্মীদের উপহার: মোবাইল ফোন কেনার জন্য কর্মীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
- কৃষক বন্ধু প্রকল্প: কৃষকদের বার্ষিক ১০ হাজার টাকা করে সহায়তা দিচ্ছে রাজ্য।
- শস্যবিমা: কৃষকদের সুরক্ষায় ইতিমধ্যেই ৪০০০ কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে।
বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, “ওরা বলছে ওরা নাকি দয়া করে বাংলাকে ধ্রুপদী মর্যাদা দিয়েছে? সব মিথ্যে। আমরা বাধ্য করেছি বলেই ওরা দিতে বাধ্য হয়েছে। আমরা কারও কাছে ভিক্ষা চাইব না, রাজ্যের টাকাতেই সব উন্নয়ন হবে।”

