আনন্দপুর অগ্নিকাণ্ড: মৃত কর্মীদের পরিবারকে ১০ লাখ টাকা ও আজীবন বেতন দেবে মোমো সংস্থা – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অবশেষে মুখ খুলল ক্ষতিগ্রস্ত মোমো সংস্থা। এই ঘটনায় তাদের কারখানায় কর্মরত তিন শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। শোকাতুর পরিবারগুলির পাশে দাঁড়াতে একগুচ্ছ বড়সড় আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে জনপ্রিয় এই ব্র্যান্ডটি।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত দুই কর্মী ও এক নিরাপত্তা রক্ষীর পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এখানেই শেষ নয়, মানবিকতার খাতিরে ওই পরিবারগুলিকে আজীবন মাসিক বেতন দেওয়ার পাশাপাশি মৃত কর্মীদের সন্তানদের পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করার দায়িত্বও নিয়েছে সংস্থা। সোশ্যাল মিডিয়ায় দেওয়া বিবৃতিতে তারা জানিয়েছে, “আমাদের কর্মীরাই আমাদের সম্পদ, এই ক্ষতি অপূরণীয়।”
উল্লেখ্য, রবিবার ভোররাতে নাজিরাবাদের একটি ডেকরেটার্সের গুদাম ও মোমো কারখানায় বিধ্বংসী আগুন লাগে। ৪৮ ঘণ্টা কেটে গেলেও ধ্বংসস্তূপ থেকে এখনও উদ্ধার হচ্ছে দেহাংশ। তবে এই মানবিক ঘোষণার মাঝেই অস্বস্তি বাড়ছে সংস্থার। অভিযোগ উঠেছে, পাঁচ হাজার বর্গফুট জায়গার ওই কারখানায় কোনো অগ্নি-নির্বাপণ ছাড়পত্র বা ‘ফায়ার অডিট’ ছিল না। ইতিমধ্যেই পুলিশ গাফিলতির অভিযোগে ডেকরেটার্স কর্ণধারকে গ্রেপ্তার করেছে এবং মোমো সংস্থার মালিকদের বিরুদ্ধেও মামলা রুজু হয়েছে।

