থালা নেই, ছেঁড়া কাগজে পড়ুয়াদের মিড ডে মিল! মধ্যপ্রদেশে যোগীরাজ্যের পর এবার মোহনের রাজ্যে বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোপাল: কোথাও জমা জল, কোথাও আবার স্যাঁতস্যাঁতে মেঝে। তার মধ্যেই খাতার ছেঁড়া পাতা আর ফেলে দেওয়া কাগজে পরিবেশন করা হচ্ছে সাধারণতন্ত্র দিবসের ‘স্পেশাল’ মিড ডে মিল। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মইহার জেলার এই ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে।
ঘটনার প্রেক্ষাপট
মইহারের ভাটিগাঁও গ্রামের সরকারি হাইস্কুলে সোমবার পড়ুয়াদের পুরী ও হালুয়া দেওয়া হয়েছিল। কিন্তু খাবার দেওয়ার মতো কোনও থালা বা প্লেট ছিল না স্কুলে। ফলে বাধ্য হয়েই পুরোনো খাতার পাতা ছিঁড়ে তাতেই পড়ুয়াদের খাবার দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে।
বিজেপি সরকারকে তোপ কংগ্রেসের
এই ঘটনাকে হাতিয়ার করে আসরে নেমেছে কংগ্রেস। হাত শিবিরের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মোহন যাদবের আমলে দেশের ভবিষ্যৎ প্রজন্মের এই করুণ দশা। বাচ্চাদের ন্যূনতম খাওয়ার থালাটুকুও জোগাড় করতে পারেনি প্রশাসন। সরকার ও প্রশাসন যে পুরোপুরি ব্যর্থ, এই ঘটনা তারই প্রমাণ।
প্রশাসনের পদক্ষেপ
বিতর্ক দানা বাঁধতেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। মইহারের জেলাশাসক রানি বাতাদ জানিয়েছেন, পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট স্কুলের প্রিন্সিপালকে পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
এর আগেও মধ্যপ্রদেশের শেওপুর ও কাটনি জেলায় মিড ডে মিল নিয়ে চরম অব্যবস্থার ছবি সামনে এসেছিল। কাটনিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খুদেদের প্লেট থেকে ছাগলকে খাবার খেতে দেখা গিয়েছিল, যা নিয়ে রাহুল গান্ধী সরব হয়েছিলেন। বারবার একই ধরনের ঘটনায় মধ্যপ্রদেশের শিশু সুরক্ষা ও সরকারি পরিষেবা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।

