অর্থমন্ত্রীর ঝুলি থেকে কি ফিরছে রেলের সেই বিশেষ সুবিধা? প্রবীণদের জন্য বড় চমক আসন্ন! – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন কেন্দ্রীয় বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য রেলের টিকিটে বিশেষ ছাড় পুনরায় চালুর জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নবম বাজেট পেশকে কেন্দ্র করে সাধারণ মানুষের প্রত্যাশা এখন তুঙ্গে। ২০২০ সালে করোনা মহামারীর সময় বন্ধ হওয়া এই কনসেশন কি এবার আংশিক বা পূর্ণাঙ্গভাবে ফিরবে, তা নিয়ে দেশজুড়ে জল্পনা চলছে। আগে ৬০ ঊর্ধ্ব পুরুষ ও ৫৮ ঊর্ধ্ব মহিলারা টিকিটে ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতেন।
দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকার এবার এই সুবিধা ফেরানোর পরিকল্পনা করছে বলে সূত্রের খবর। অন্যদিকে, রেলের নিয়মে বড়সড় পরিবর্তন এনে বন্দে ভারত স্লিপার ট্রেন থেকে ‘আরএসি’ ব্যবস্থা পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। ফলে এই আধুনিক ট্রেনে এখন থেকে শুধুমাত্র কনফার্ম টিকিটের মাধ্যমেই যাতায়াত করা যাবে। প্রবীণদের দীর্ঘদিনের এই দাবি বাজেটে পূরণ হয় কি না, এখন সেটাই দেখার বিষয়।

