বাজেট ২০২৬: মধ্যবিত্তের পকেটে কি স্বস্তি ফিরবে? আয়কর ও হোম লোনে বড় ছাড়ের আশায় সাধারণ মানুষ – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: আগামী ১ ফেব্রুয়ারি, রবিবার সকাল ১১টায় কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এটি তাঁর টানা নবম পূর্ণাঙ্গ বাজেট এবং প্রথমবার ছুটির দিনে বাজেট পেশের নজির গড়তে চলেছেন তিনি। স্বাভাবিকভাবেই বিনিয়োগকারী থেকে সাধারণ করদাতা—সবার নজর এখন নির্মলার ঝোলার দিকে।
আয়করে কি সুখবর আসছে?
বাড়তি মুদ্রাস্ফীতির বাজারে মধ্যবিত্ত ও চাকুরিজীবীদের প্রধান দাবি স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি এবং আয়কর কাঠামো আরও সহজ করা। দীর্ঘ সময় ধরে আয়করের স্ল্যাবে আমূল পরিবর্তন না আসায় এবার বড় কোনো ঘোষণার প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি বিমা খাতে অতিরিক্ত কর ছাড়ের সুবিধাও দাবি করেছেন বিশেষজ্ঞরা।
গৃহঋণে বড় ছাড়ের প্রত্যাশা
সম্পত্তির আকাশছোঁয়া দাম এবং ক্রমবর্ধমান সুদের হারের চাপে নাজেহাল সাধারণ মানুষ। বর্তমানে আয়কর আইনের ২৪(বি) ধারায় গৃহঋণের সুদের ওপর ২ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। বহু বছর আগের এই সীমা বর্তমান বাজারে যথেষ্ট নয় বলে মনে করছেন বিনিয়োগকারীরা। তাই বাজেটে এই সীমা বাড়ানোর দাবি জোরালো হচ্ছে।
স্বাস্থ্য পরিষেবা ও বিমা
বাজেট ২০২৬-এ স্বাস্থ্য খাতের পরিধি বাড়ানোর পরিকল্পনা নিতে পারে সরকার। দীর্ঘমেয়াদী চিকিৎসার সুবিধার্থে হেলথ ইনসিওরেন্সের আওতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, সরকারি হারে চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে বেসরকারি হাসপাতালগুলোর মুনাফায় কিছুটা টান পড়তে পারে।
পরিকাঠামো ও জিডিপি
বাজার বিশেষজ্ঞদের মতে, সরকার এবার মূলধনী ব্যয়ের (Capex) লক্ষ্যমাত্রা ১৩ শতাংশ বাড়িয়ে ১২.৬ ট্রিলিয়ন টাকা করতে পারে। অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৮ থেকে ৭.২ শতাংশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। বড় কোনো চমক না থাকলেও পরিকাঠামো উন্নয়নে সরকারের ধারাবাহিকতা বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।

