বেলডাঙা কাণ্ডে এবার অ্যাকশনে NIA: শনিবারই পৌঁছাচ্ছে হাইপ্রোফাইল টিম, জালে বড় মাথা? – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ছড়ানো ভয়াবহ অশান্তির তদন্তভার নিল এনআইএ (NIA)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে গঠিত সাত-আট সদস্যের একটি বিশেষ দল শনিবারই ঘটনাস্থলে যাচ্ছে। ঝাড়খণ্ডে বেলডাঙার বাসিন্দা আলাউদ্দিন শেখের মৃত্যু ঘিরে তৈরি হওয়া অগ্নিগর্ভ পরিস্থিতি, জাতীয় সড়ক অবরোধ এবং সাংবাদিকদের ওপর হামলার নেপথ্যে কোনো বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখবেন গোয়েন্দারা।
ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে উষ্মা প্রকাশ করেছিল। কেন্দ্রীয় নির্দেশিকা পাওয়ার পর শনিবারই স্থানীয় থানা থেকে কেস ডায়েরি সংগ্রহ করবে এনআইএ। সিসিটিভি ফুটেজ ও সোশ্যাল মিডিয়া ভিডিও বিশ্লেষণ করে ধৃতদের ভূমিকা যাচাই করা হবে। বিশেষ করে ধৃতদের তালিকায় থাকা রাজনৈতিক নেতাদের গতিবিধি এবং এই হিংসার নেপথ্যে থাকা উস্কানিদাতাদের শনাক্ত করাই এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মূল লক্ষ্য।

