‘বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা স্তব্ধ’, কলকতার মঞ্চে গর্জে উঠলেন সজীব ওয়াজেদ জয়
কলকাতা: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে তোলপাড় সৃষ্টি করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। কলকাতায় আয়োজিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দাবি করেন, বাংলাদেশে বর্তমানে গণতন্ত্রের লেশমাত্র নেই এবং মানুষের কথা বলার অধিকার কার্যত কেড়ে নেওয়া হয়েছে। জয় স্পষ্ট জানান, আন্দোলনের নামে যে সহিংসতা হয়েছে, তা ছিল পরিকল্পিত এবং এর নেপথ্যে রয়েছে চরমপন্থী শক্তির মদত।
সজীব ওয়াজেদ জয়ের মতে, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন শুরুতে যৌক্তিক থাকলেও পরবর্তীকালে তার নিয়ন্ত্রণ চলে যায় ইসলামপন্থী গোষ্ঠী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের হাতে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় এসেই সাজাপ্রাপ্ত জঙ্গিদের মুক্তি দিয়ে দেশকে চরমপন্থার দিকে ঠেলে দিচ্ছে। এছাড়া, প্রথম আলো বা ডেইলি স্টারের মতো সংবাদমাধ্যমের ওপর আক্রমণ প্রমাণ করে যে দেশে এখন ভয়ের শাসন চলছে।

