বন্দে ভারতের সঙ্গে সেলফিই কাল! রাজকোটে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন উত্তরপ্রদেশের ২ যুবক
রাজকোট: সেলফি তোলার নেশা কেড়ে নিল তরতাজা দুটি প্রাণ। গুজরাটের রাজকোটে বন্দে ভারত এক্সপ্রেসের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন তিন পরিযায়ী শ্রমিক। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের, হাসপাতালে প্রাণ হারিয়েছেন আরও এক যুবক। বর্তমানে তৃতীয় জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন সন্দীপ প্যাটেল ও সন্দীপ কোলি। আহত যুবকের নাম কপিল প্যাটেল। তাঁরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা এবং রাজকোটের একটি কারখানায় কর্মরত ছিলেন। জানা গিয়েছে, সন্দীপ প্যাটেল বাড়ি ফেরার জন্য স্টেশনে যাচ্ছিলেন এবং বাকিরা তাঁকে এগিয়ে দিতে গিয়েছিলেন। ভক্তিনগর ও রিব্ডা স্টেশনের মাঝে রেললাইন পার হওয়ার সময় ভেরাভাল–আহমেদাবাদ বন্দে ভারত এক্সপ্রেসের সামনে সেলফি তোলার চেষ্টা করেন তাঁরা। গতির সঠিক আন্দাজ করতে না পারায় এই মর্মান্তিক পরিণতি ঘটে। রেল পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে পুনরায় সতর্ক করা হয়েছে যাতে রেললাইনের ধারে জীবনের ঝুঁকি নিয়ে কোনো ছবি বা ভিডিও না তোলা হয়।

