নির্বাচনী প্রস্তুতিতে তুঙ্গে তৎপরতা: রাজ্যে চূড়ান্ত ১৫০টি গণনা কেন্দ্র, দ্রুত আসছে কমিশনের ফুল বেঞ্চ
কলকাতা: বিধানসভা নির্বাচনের দামামা বাজতে খুব একটা দেরি নেই। হাতে সময় কম থাকায় এসআইআর (SIR) চলাকালীনই ভোট প্রস্তুতি সেরে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। ইভিএমের প্রথম পর্যায়ের চেকিং এবং জেলায় জেলায় প্রদর্শনী শেষ হওয়ার পর এবার বড় পদক্ষেপ নিল কমিশন। সূত্রের খবর, রাজ্যের জন্য মোট ১৫০টি গণনা কেন্দ্র চূড়ান্ত করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।
কমিশন সূত্রে খবর, বুধবারই এই ১৫০টি কেন্দ্রের তালিকা দিল্লিতে পাঠানো হচ্ছে। কোন কেন্দ্রে কত রাউন্ড গণনা হবে, তার খসড়াও তৈরি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরপরই কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসবে। তারপরই ঘোষণা হতে পারে নির্বাচনের নির্ঘণ্ট। পাশাপাশি, আবাসনগুলিতে বুথ তৈরির বিষয়ে দিল্লির সবুজ সংকেত পেলেই পরিকাঠামো খতিয়ে দেখার কাজ শুরু হবে।

