লেটেস্ট নিউজ

বার্ষিক চুক্তিতে বড় বদল: কোহলি–রোহিত নামলেন ‘বি’ ক্যাটাগরিতে, শীর্ষ স্তরে মাত্র ৩ ক্রিকেটার – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রকাশিত ২০২৫–২৬ মরসুমের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি তালিকায় বড় চমক। তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ‘এ+’ ক্যাটাগরি থেকে নামিয়ে আনা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে। দায়নিক জাগরণ-এর রিপোর্ট অনুযায়ী, এবার বিসিসিআই ‘এ+’ ক্যাটাগরি পুরোপুরি তুলে দিয়েছে। এখন পুরুষ ক্রিকেটারদের জন্য কেবল তিনটি বিভাগ—এ, বি ও সি। সাধারণত তিন ফরম্যাটেই (টেস্ট, ওয়ানডে ও টি-২০) খেলা ক্রিকেটারদেরই শীর্ষ ক্যাটাগরিতে রাখা হয়। টেস্ট ও টি-২০ থেকে অবসর নেওয়ার পর কোহলি ও রোহিত এখন শুধু ওয়ানডে খেলছেন, সেই কারণেই তাঁরা আর শীর্ষ স্তরে নেই।

বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন মাত্র তিনজন ক্রিকেটার—টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমন গিল, জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। ‘বি’ ক্যাটাগরিতে কোহলি ও রোহিতের সঙ্গে রয়েছেন টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য, কেএল রাহুল-সহ মোট ১১ জন ক্রিকেটার। অন্যদিকে ‘সি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, তিলক বর্মা ও সঞ্জু স্যামসনের মতো তরুণরা। আগে ‘এ+’ ক্যাটাগরিতে বার্ষিক পারিশ্রমিক ছিল ৭ কোটি টাকা এবং ‘এ’ ক্যাটাগরিতে ৫ কোটি টাকা। তবে নতুন কাঠামো অনুযায়ী বেতন ব্যবস্থায় কী পরিবর্তন হবে, তা নিয়ে এখনও বিসিসিআই-এর তরফে স্পষ্ট ঘোষণা আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *