নোবেল ক্ষোভে ট্রাম্প: ভারতের পর পোল্যান্ডেও কূটনৈতিক টানাপোড়েন, সম্পর্ক ছিন্ন আমেরিকার – এবেলা
এবেলা ডেস্কঃ
নোবেল শান্তি পুরস্কার ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসন্তোষ ভারতের পর এবার পোল্যান্ডে গিয়ে ঠেকল। পোল্যান্ডের পার্লামেন্টের নিম্নকক্ষ সেজমের স্পিকার ভ্লোদজিমিয়েজ চারজাস্তি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের অযোগ্য বলে মন্তব্য করার পর, তার সঙ্গে সব ধরনের সরকারি যোগাযোগ ছিন্ন করার ঘোষণা দেয় ওয়াশিংটন। ট্রাম্প বারবার দাবি করে আসছেন, তিনি বিশ্বে ‘আটটি যুদ্ধ থামিয়েছেন’, তাই নোবেল তাঁর প্রাপ্য—এই দাবিকে প্রশ্নবিদ্ধ করতেই প্রশাসনের কড়া প্রতিক্রিয়া সামনে আসে।
সোমবার চারজাস্তি বলেন, ট্রাম্পের নীতি মূলত ‘শক্তি প্রদর্শন ও লেনদেনভিত্তিক রাজনীতি’র ওপর দাঁড়ানো, যা বহু ক্ষেত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। এর জবাবে পোল্যান্ডে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম রোজ স্পিকারের মন্তব্যকে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ‘অপমানজনক ও উসকানিমূলক আক্রমণ’ বলে অভিহিত করেন এবং যোগাযোগ ছিন্নের ঘোষণা দেন। সিদ্ধান্তটি বিস্ময়কর, কারণ পোল্যান্ড দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র—১৯৯৯ সাল থেকে ন্যাটোর সদস্য এবং ইরাক ও আফগানিস্তানে মার্কিন অভিযানে অংশ নিয়েছে; রাশিয়া–ইউক্রেন যুদ্ধের পর লক্ষ লক্ষ ইউক্রেনীয় শরণার্থীও আশ্রয় দিয়েছে দেশটি।
এই পদক্ষেপের পর পোল্যান্ডে রাজনৈতিক ও জনমত উত্তাল। এক অনলাইন জরিপে ৭৮% মানুষ চারজাস্তির বক্তব্যে অটল থাকার পক্ষে, মাত্র ২২% প্রত্যাহারের পক্ষে মত দেন। প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সোশ্যাল মিডিয়ায় পাল্টা লিখেছেন, “মিত্রদের উচিত পরস্পরকে সম্মান করা—উপদেশ নয়।” সাবেক মার্কিন সেনা কমান্ডার বেন হজেসও সিদ্ধান্তটির সমালোচনা করে বলেন, এতে যুক্তরাষ্ট্র তার ঘনিষ্ঠ মিত্রদের ক্ষুব্ধ করছে। পোলিশ সাংসদ রোমান গিয়ের্তিখ একে ‘অহংকারী’ আখ্যা দিয়ে ট্রাম্পের নোবেল দাবনার তুলনা টানেন রোমান সম্রাট নিরোর সঙ্গে।

