বাংলার মুখ উজ্জ্বল করার পুরস্কার, বিশেষ সংবর্ধনা জাতীয় পদকজয়ী রাজাকে – এবেলা
এবেলা ডেস্কঃ
ক্রিকেট বা ফুটবলের বাইরে গিয়ে দেশের মাটিতে বাংলার মুখ উজ্জ্বল করেছেন রাজা দাস। জানুয়ারিতে দিউয়ে আয়োজিত খেলো ইন্ডিয়া বিচ গেমসে পেনচ্যাক সিলাটে সোনা জিতে নজির গড়েন তিনি। বাংলায় তুলনামূলকভাবে অপরিচিত এই মার্শাল আর্ট এখন ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। সেই সাফল্যকে সম্মান জানাতে পেনচ্যাক সিলাট স্পোর্টস বেঙ্গল (PSSB)-এর উদ্যোগে জাতীয় পদকজয়ীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। ৬ ফেব্রুয়ারি ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ৬ থেকে ৩৫ বছর বয়সি মোট ২৬ জন জাতীয় পদকজয়ীকে সম্মানিত করা হয়, যাঁদের মধ্যে অন্যতম ছিলেন রাজা দাস।
অনুষ্ঠানে পদকজয়ী ক্রীড়াবিদদের স্মারক টি-শার্ট ও আর্থিক পুরস্কার দেওয়া হয়—স্বর্ণপদকজয়ীদের ১০০০ টাকা, রুপোজয়ীদের ৭০০ টাকা এবং ব্রোঞ্জপদকজয়ীদের ৫০০ টাকা। দেশের হয়ে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে রাজা দাসকে দেওয়া হয় বিশেষ পুরস্কার—নগদ ১৫ হাজার টাকা, স্মারক ও অন্যান্য উপহার। তাঁর কোচ অঙ্কিত আগরওয়াল ও মুকেশ শর্মাকেও বিশেষভাবে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিম্পিয়ান গুরবক্স সিং, যিনি রাজা দাসের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত শান্তি মাল্লিক-সহ একাধিক বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব।

