ভারতের ওপর ১৮% ট্যারিফ: কবে থেকে কার্যকর হচ্ছে? সময়সীমা জানাল আমেরিকা – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর আরোপিত ২৫% অতিরিক্ত শাস্তিমূলক শুল্ক প্রত্যাহার করে নিল আমেরিকা। হোয়াইট হাউসের পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকা অনুযায়ী, সংশোধিত ১৮% শুল্ক আজ, শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হচ্ছে।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে এই নতুন ট্যারিফ ব্যবস্থা কার্যকর হয়েছে। এর ফলে ভারত থেকে আমেরিকায় রপ্তানি হওয়া পণ্যের ওপর আর অতিরিক্ত ২৫% শুল্ক দিতে হবে না।
মূলত এটি একটি ‘রেসিপ্রোকাল ট্যারিফ’ বা পারস্পরিক শুল্ক ব্যবস্থা (যেহেতু ভারত মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করে, তার জবাবেই আমেরিকা এই পদক্ষেপ নিয়েছিল)। এছাড়া রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের ওপর যে অতিরিক্ত ২৫% শুল্ক চাপানো হয়েছিল, সেটিও তুলে নেওয়া হচ্ছে। ফলে সব মিলিয়ে ভারতীয় পণ্যের ওপর এখন মোট ১৮% শুল্ক বলবৎ থাকবে।
হোয়াইট হাউস স্পষ্ট করেছে যে, যে সব পণ্যবাহী জাহাজ ইতিমধ্যেই পৌঁছেছে বা পথে রয়েছে এবং যেগুলোর ওপর অতিরিক্ত ২৫% শুল্ক ধার্য করা হয়েছিল, সেগুলোকেও এই ছাড়ের আওতায় আনা হয়েছে। মার্কিন কাস্টমস যদি ইতিমধ্যেই অতিরিক্ত কর আদায় করে থাকে, তবে তা প্রয়োজনে ফেরত দেওয়া হবে।
গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আলাপচারিতার পরেই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেন যে, ভারত ও আমেরিকা উভয় দেশই এই বাণিজ্য চুক্তিতে একমত হয়েছে।
শনিবার সকালে হোয়াইট হাউস একটি যৌথ বিবৃতিতে জানায়, দুই দেশই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এই ‘অন্তর্বর্তী’ বাণিজ্য চুক্তির একটি রূপরেখা তৈরি করে ফেলেছে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলও এই ঐতিহাসিক চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

