গর্ভপাত নিয়ে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায় – এবেলা
এবেলা ডেস্কঃ
সন্তানের জন্ম দেবেন কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে কেবল মায়ের। গর্ভাবস্থার ৩০ সপ্তাহে এক কিশোরীর গর্ভপাতের অনুমতি দিয়ে এই ঐতিহাসিক রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। বম্বে হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশ খারিজ করে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, গর্ভস্থ সন্তানের ভবিষ্যতের চেয়েও একজন অন্তঃসত্ত্বা মহিলার ইচ্ছাকেই অগ্রাধিকার দিতে হবে।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, কোনো মহিলাকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে সন্তান জন্ম দিতে বাধ্য করা যায় না। এটি তাঁর শারীরিক ও মানসিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। বম্বে হাইকোর্ট আগে এই গর্ভপাতের আবেদনে সায় না দিলেও, দেশের সর্বোচ্চ আদালত কিশোরীর শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে এই মানবিক ও আইনি সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বলা হয়েছে, প্রজনন সংক্রান্ত অধিকার একজন মহিলার মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। তাই গর্ভাবস্থার মেয়াদ নির্বিশেষে, বিশেষ পরিস্থিতিতে মায়ের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।

