লক্ষ্মীর ভাণ্ডারে বাড়তি ৫০০: ২৪ ঘণ্টাতেই একাউন্টে টাকা, রাজ্যজুড়ে খুশির জোয়ার – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর থেকেই রাজ্যের কোটি কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাতে শুরু করেছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের বর্ধিত ভাতা। বাজেটে ৫০০ টাকা বৃদ্ধির ঘোষণার পরদিনই অ্যাকাউন্টে ১৫০০ বা ১৭০০ টাকা (শ্রেণিভেদে) ঢুকতে দেখে খুশির হাওয়া বইছে বাংলাজুড়ে।
বৃহস্পতিবার বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, নতুন করে ২০ লক্ষ ৬২ হাজার মহিলা এই প্রকল্পের আওতায় আসছেন। সব মিলিয়ে প্রায় ২ কোটি ৪২ লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই মাসেই টাকা পৌঁছে যাবে। দক্ষিণ কলকাতার রানিকুঠির সবজি বিক্রেতা রত্না মালাকার থেকে শুরু করে শিলিগুড়ির গৃহবধূ রঞ্জনা মল্লিক— প্রত্যেকেই এই দ্রুততায় অবাক ও উচ্ছ্বসিত। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যে অর্ধেক প্রাপকের কাছে টাকা পৌঁছে গিয়েছে, বাকিদের প্রক্রিয়াও দ্রুত গতিতে চলছে।
নারী ক্ষমতায়নে নয়া রেকর্ড
বিরোধীরা এই পদক্ষেপের সমালোচনা করলেও পরিসংখ্যান বলছে অন্য কথা। কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, নারী নিয়ন্ত্রিত ব্যাংক অ্যাকাউন্ট এবং সঞ্চয়ের নিরিখে পশ্চিমবঙ্গ এখন দেশের শীর্ষ তিন রাজ্যের একটি। নবান্নের হিসেব বলছে, এই বর্ধিত ভাতার ফলে সরকারের মাসিক খরচ ২,২৭৮ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়াবে ৩,৬৯৭ কোটি ৫০ লক্ষ টাকায়।
মাঠে-ঘাটে বা পাড়ার মোড়ে মহিলারা মেতেছেন ‘অকাল হোলি’তে। তাঁদের কথায়, এই টাকা কেবল অনুদান নয়, এটি তাঁদের ‘অর্থনৈতিক স্বাধীনতা’। নিজের প্রয়োজনে এখন আর অন্যের কাছে হাত পাততে হচ্ছে না বাংলার মা-বোনেদের।

