মমতার নির্দেশেই ‘হুমকি’ দিয়েছিলেন? সেলিমের দাবিতে সিলমোহর দিয়ে বিস্ফোরক হুমায়ুন – এবেলা
এবেলা ডেস্কঃ
বহরমপুর: রাজনীতির ময়দানে ফের বড়সড় ধামাকা! লোকসভা নির্বাচনের আগে হিন্দুদের ‘ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার’ যে চরম বিতর্কিত মন্তব্য হুমায়ুন কবীর করেছিলেন, তার নেপথ্যে কি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন? সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের করা এই চাঞ্চল্যকর দাবিতেই এবার কার্যত সিলমোহর দিলেন খোদ হুমায়ুন। শনিবার রেজিনগরের এক জনসভা থেকে বিস্ফোরক সব তথ্য ফাঁস করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন জনতা উন্নয়ন পার্টির এই নেতা।
মুখ্যমন্ত্রীর নির্দেশেই উস্কানিমূলক মন্তব্য?
এদিন প্রকাশ্যে ক্ষমা চেয়ে হুমায়ুন কবীর দাবি করেন, তৃণমূল নেত্রীর কথাতেই তিনি বিজেপি ও হিন্দুদের নিয়ে ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন। তাঁর কথায়, “ইউসুফ পাঠানকে জেতাতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বিশেষ নির্দেশ দিয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন— অধীর চৌধুরী ও মহম্মদ সেলিম জিতে যাচ্ছেন, তুমি কিছু একটা করো।”
বিস্ফোরক দাবি একনজরে:
- মমতার ফোন: হুমায়ুনের দাবি, মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করে বলেছিলেন যে ইউসুফ পাঠানের বাবা-মার কাছে তিনি দায়বদ্ধ, তাই যেকোনো মূল্যে তাঁকে জেতাতে হবে।
- সেলিমের দাবিতে সায়: মহম্মদ সেলিম সম্প্রতি অভিযোগ করেছিলেন যে মমতার নির্দেশেই হুমায়ুন ওসব বলতেন। শনিবার সেই বক্তব্যেরই প্রতিধ্বনি শোনা গেল হুমায়ুনের গলায়।
- জনসমক্ষে ক্ষমা: রেজিনগরের সভা থেকে নিজের পুরনো মন্তব্যের জন্য হিন্দুদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি।
মুর্শিদাবাদের রাজনীতিতে হুমায়ুনের এই স্বীকারোক্তি এখন তৃণমূলের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। নিজের সাংগঠনিক ক্ষমতা জাহির করতে গিয়ে যেভাবে তিনি তৃণমূল নেত্রীর নাম জড়ালেন, তাতে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

