দোল মিটলেই কি ভোটের বাজনা? ৭-৮ দফা নয়, এবার বড় চমক দিতে পারে নির্বাচন কমিশন!
মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ১ মার্চ রাজ্যে আসছেন দুই ডেপুটি ইলেকশন কমিশনার। এবার আগের মতো দীর্ঘ সাত-আট দফায় নয়, বরং অনেক কম দফায় ভোট করানোর পরিকল্পনা করছে কমিশন।
ইতিমধ্যেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির রিপোর্ট তলব করা হয়েছে। ২৫ মার্চের দোল উৎসব মিটলেই রাজ্যে ভোটের দামামা বেজে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নির্বাচন পরিচালনার প্রস্তুতি খতিয়ে দেখতে মার্চের শুরুতেই উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে, যেখানে ভোটের দফা ও নিরাপত্তা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
