ইউনূস জমানার অবসান! বাংলাদেশে শুরু ঐতিহাসিক ভোটগ্রহণ, ঢাকার মসনদে কি ফিরছে জিয়া পরিবার?
১৮ মাসের অন্তর্বর্তীকালীন শাসনের পর আজ বাংলাদেশের ভাগ্যনির্ধারণী সাধারণ নির্বাচন। ছাত্র আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতনের পর এই প্রথম সংসদীয় নির্বাচন ঘিরে দেশজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ২৯৯টি আসনে সকাল ৭টা ৩০ মিনিট থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। পাশাপাশি ৮৪ দফার সংস্কার প্যাকেজ নিয়ে চলছে গণভোট। নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় এবার মূলত বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল।
শান্তি রক্ষায় দেশজুড়ে প্রায় ৯ লক্ষ নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে প্রধান আকর্ষণ বিএনপির তারেক রহমান, যিনি দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন। বিশ্লেষকদের মতে, ১৭৫৫ জন প্রার্থীর এই মহাযুদ্ধে বিএনপি সুবিধাজনক অবস্থানে রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের এই সন্ধিক্ষণে পদ্মাপাড়ের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারতসহ আন্তর্জাতিক মহল। নতুন প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়েই এখন তুঙ্গে জল্পনা।

