ধর্মঘটে কাজে না এলে কাটা যাবে বেতন ও চাকরি জীবন! নবান্নের কড়া হুঁশিয়ারি
বামপন্থী শ্রমিক সংগঠনগুলোর ডাকা ধর্মঘটের মোকাবিলায় নবান্ন কঠোর অবস্থান নিয়েছে। বুধবার অর্থ দফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সরকারি এবং সরকার পোষিত সমস্ত দফতর খোলা থাকবে। ওই দিন বিশেষ জরুরি কারণ ছাড়া কোনো কর্মী অনুপস্থিত থাকলে তাঁর একদিনের বেতন কাটা হবে। পাশাপাশি, অনুপস্থিতিকে ‘ডাইস নন’ বা কর্মজীবন থেকে ছেদ হিসেবে গণ্য করা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
তবে অসুস্থতা, হাসপাতালে ভর্তি বা আগে থেকে মঞ্জুর হওয়া বিশেষ ছুটির ক্ষেত্রে এই নিয়ম শিথিল থাকবে। নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে যে, গরহাজির কর্মীদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে এবং জবাব সন্তোষজনক না হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ধর্মঘটের দিনের হাজিরা রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ধর্মঘট রুখতে এবং জনজীবন স্বাভাবিক রাখতে প্রশাসন এখন আপসহীন।

