বিস্ফোরক থারুর! বনধ ইস্যুতে মমতার পাশেই কংগ্রেস সাংসদ, কেরলকে তুলোধোনা করে কী বললেন?
দেশজুড়ে বামেদের ডাকা সাধারণ ধর্মঘটের আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের বনধ-বিরোধী অবস্থানের প্রতি সংহতি জানালেন কংগ্রেস নেতা শশী থারুর। থারুর সাফ জানান, গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদের অধিকার থাকলেও জোর করে জনজীবন স্তব্ধ করার কোনো সাংবিধানিক অধিকার নেই। কলকাতার প্রাক্তনী এই সাংসদ মনে করেন, বনধের মতো বিধ্বংসী রাজনীতি শিল্প ও উন্নয়নকে বাধাগ্রস্ত করে, যা নাগরিক স্বাধীনতার পরিপন্থী।
কেরলের বর্তমান বাম সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, ভারতের বাকি অংশ বনধ সংস্কৃতি থেকে বেরিয়ে এলেও কেরল এখনও সংখ্যালঘু সংগঠনের ‘জঙ্গি ইউনিয়নবাজি’র শিকার। কর্মনাশা এই বনধ সাধারণ মানুষের অবাধ চলাচলের পথে বড় অন্তরায়। তাঁর মতে, প্রতিবাদের নামে সাধারণ মানুষকে ঘরে বন্দি রাখা আদতে এক প্রকার সংগঠিত সামাজিক অত্যাচার। গঠনমূলক প্রতিবাদের মাধ্যমে এই আত্মঘাতী পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

