লেটেস্ট নিউজ

২৪ দিন ‘ডিজিটাল অ্যারেস্ট’, ৫৩ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কলকাতার শিক্ষক!

পিকনিক গার্ডেনের অবসরপ্রাপ্ত শিক্ষক বিপুল সাহার জীবনের সঞ্চয় এখন প্রতারকদের কবলে। গত ২ ডিসেম্বর থেকে টানা ২৫ দিন তাঁকে বাড়িতে কার্যত বন্দি বা ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে রাখে সাইবার অপরাধীরা। একটি ফোন কলে তাঁকে অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত থাকার ভয় দেখিয়ে মানসিক চাপে ফেলা হয়। এই জাল থেকে মুক্তি পেতে ধাপে ধাপে ৫৩ লক্ষ টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠান তিনি। ২৭ ডিসেম্বর পর্যন্ত চলা এই দীর্ঘ প্রতারণার পর বিপুলবাবু বুঝতে পারেন তিনি সর্বস্ব খুইয়েছেন।

ঘটনায় কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই শিক্ষক। যদিও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা টাকা উদ্ধার করতে পারেনি। বর্তমানে সিবিআই বা ইডির নাম করে বয়স্ক ব্যক্তিদের টার্গেট করা এবং ভিডিও কলের মাধ্যমে ভয় দেখিয়ে টাকা হাতানো একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তদন্তকারীদের কাছে। সাধারণ মানুষকে সচেতন করতে লাগাতার প্রচার চালালেও এই ধরনের আধুনিক সাইবার অপরাধ ক্রমশ বাড়ছে। পুলিশ ঘটনার গুরুত্ব বিবেচনা করে অপরাধীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *