চক্ষুদানেই আইনি ফাঁস! মুর্শিদাবাদের ঘটনায় বাংলায় কি থমকে যাবে অঙ্গদান?
মুর্শিদাবাদে মরণোত্তর চক্ষুদান করতে গিয়ে একটি পরিবারের আইনি জটিলতায় জড়িয়ে পড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই অনভিপ্রেত পরিস্থিতির ফলে অঙ্গদান আন্দোলনে বড়সড় ধাক্কা লাগার আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল। বিশেষ করে গ্রামীণ এলাকা ও নতুন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সাধারণ মানুষের প্রবল সংশয় ও প্রশ্নের মুখে পড়তে পারে বলে মনে করছেন হাওড়ার রামরাজা নবীন সংঘ আই ব্যাঙ্ক ও সেবা কেন্দ্রের সভাপতি গৌতম সান্যাল।
দক্ষিণ ও উত্তর ভারতের তুলনায় বাংলা এমনিতেই অঙ্গদান সচেতনতায় পিছিয়ে রয়েছে। এই অবস্থায় দাতার পরিবার আইনি হয়রানির শিকার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ভয় ও নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল। জনমানসে বিশ্বাস বজায় রাখতে এবং চক্ষুদানের মহৎ উদ্দেশ্যকে সফল করতে এই ঘটনার প্রকৃত কারণ দ্রুত প্রকাশ্যে আনা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যথায় দীর্ঘদিনের সামাজিক সচেতনতা প্রচেষ্টা বৃথা হওয়ার আশঙ্কা থাকছে।

