৮৫% দৃষ্টিশক্তি হারালেন ইমরান খান! জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে তোলপাড়
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সুপ্রিম কোর্টে পেশ করা রিপোর্ট অনুযায়ী, আদিয়ালা জেলে বন্দি এই বিশ্বকাপজয়ী অধিনায়ক তাঁর ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। বর্তমানে তাঁর ওই চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টি অবশিষ্ট রয়েছে। গত অক্টোবর থেকে দৃষ্টিশক্তি ঝাপসা হতে শুরু করলেও জেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেনি বলে অভিযোগ উঠেছে। এমনকি তাঁর চোখে রক্ত জমাট বাঁধার বিষয়টিও চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
ইমরান খানের স্বাস্থ্যের এই অবনতিতে উদ্বেগ প্রকাশ করে পাক সুপ্রিম কোর্ট অবিলম্বে তাঁর চিকিৎসার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি স্পষ্ট জানিয়েছেন, যে কোনো বন্দির স্বাস্থ্য ও নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। আদালত সরকারকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা তাঁর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে। এছাড়া দীর্ঘ সময় নির্জন কারাবাস ও পরিবারের সঙ্গে দেখা করতে না দেওয়ার অভিযোগ ওঠায়, ইমরানকে তাঁর সন্তানদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতিও দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

