নির্বাচনে জয়ের উল্লাসের মাঝেও বাংলাদেশ সংসদে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিয়ে উঠছে বড় প্রশ্ন – এবেলা
এবেলা ডেস্কঃ
February 14, 202610:18 am
NEWS DESK : বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিপুল জয়ের পর গণতন্ত্রের উৎসব চললেও ২৯৯ আসনের সংসদে সংখ্যালঘু প্রতিনিধিদের সংখ্যা নিয়ে দুশ্চিন্তা কাটছে না। সাম্প্রতিক ফলাফলে দেখা গেছে, সারা দেশে মাত্র ৪ জন সংখ্যালঘু প্রার্থী জয়ী হতে পেরেছেন, যাঁদের মধ্যে ৩ জন হিন্দু এবং ১ জন বৌদ্ধ ধর্মাবলম্বী। বিশেষ বিষয় হলো, এই চারজনই বিএনপির টিকিটে জয়ী হয়েছেন এবং তাঁদের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী সম্পর্কে পরস্পর বেয়াই।
বিএনপি এই নির্বাচনে মোট ৬ জন সংখ্যালঘু প্রার্থীকে মনোনয়ন দিলেও ২ জন পরাজিত হয়েছেন। অন্যদিকে জামাত ও এনসিপি থেকে একজন করে সংখ্যালঘু প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তাঁরা জয়ের মুখ দেখতে পাননি। ঢাকা, মাগুরা, রাঙামাটি ও বান্দরবান থেকে জয়ী এই চার প্রতিনিধি ছাড়া সংসদে অন্য কোনো দলের সংখ্যালঘু মুখ নেই। এই পরিসংখ্যান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সংখ্যালঘু প্রতিনিধিত্বের বর্তমান নগণ্য অবস্থানকেই স্পষ্ট করে তুলেছে।

