ভারত পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আগে বড় চাল সলমান আগার, বল ঠেললেন ভারতের কোর্টে – এবেলা
এবেলা ডেস্কঃ
রবিবাসরীয় কলম্বোয় পারদ চড়ছে ভারত-পাকিস্তান দ্বৈরথ ঘিরে। তবে ব্যাট-বলের লড়াই শুরু হওয়ার আগেই মনস্তাত্ত্বিক খেলা শুরু করে দিলেন পাক অধিনায়ক সলমান আলি আগা। গত বছরের তিক্ততা ভুলে এবার কি টসের সময় সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাবেন তিনি? এই প্রশ্নেই এখন তোলপাড় ক্রিকেট বিশ্ব।
সৌজন্যের বার্তা নাকি কূটনৈতিক চাল?
ম্যাচের ২৪ ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলনে পাক অধিনায়ক সলমান আলি আগা কার্যত ভারতের ওপর দায় চাপিয়ে দিয়েছেন। তিনি জানান, ক্রিকেটীয় স্পিরিট বজায় রাখতে তাঁর দল হাত মেলাতে প্রস্তুত, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ভারতকেই। সলমানের কথায়, “ক্রিকেট তার নিজস্ব নিয়মেই চলা উচিত। আমরা কী করব তা মাঠেই দেখা যাবে, তবে পুরো বিষয়টি এখন ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।”
নেপথ্যে গত বছরের সেই তিক্ত স্মৃতি
২০২৫ সালের এশিয়া কাপে পহেলগাঁও পরিস্থিতির প্রেক্ষাপটে পাকিস্তানের বিরুদ্ধে সৌজন্য দেখাতে অস্বীকার করেছিল টিম ইন্ডিয়া। টসের সময় সূর্যকুমার যাদব হ্যান্ডশেক করেননি এবং ম্যাচ জেতার পর ভারতীয় ক্রিকেটাররা সরাসরি ডাগআউটে ফিরে গিয়েছিলেন। সেই ঘটনায় পিসিবি (PCB) এতটাই ক্ষুব্ধ হয়েছিল যে আইসিসি-র কাছে নালিশ জানানো থেকে শুরু করে ম্যাচ বয়কটের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল।
আইসিসি-র চাপে পিছু হটল পাকিস্তান
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের বিরুদ্ধে না খেলার হুমকি দিয়েছিল পাকিস্তান। তবে আইসিসি-র কড়া অবস্থানের মুখে পড়ে শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হয় মহসিন নকভির বোর্ড। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রবিবার মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এখন দেখার, কলম্বোর মাঠে সূর্যকুমার যাদব পাক অধিনায়কের বাড়িয়ে দেওয়া হাতের উত্তর দেন কি না।

