রাহুলের মিথ্যার কারখানা ধরে ফেলেছে জনতা, সভা থেকে বিষ্ফোরক অমিত শাহ – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর করা মন্তব্যের পাল্টা কড়া জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার পুদুচেরির এক জনসভা থেকে তিনি অভিযোগ করেন, রাহুল গান্ধী কেবল মিথ্যা ছড়াতেই অভ্যস্ত। তাঁর কথায়, রাহুলের নীতিই হলো বারবার এবং উচ্চস্বরে মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করা। কিন্তু দেশের মানুষ এখন তাঁর এই ‘মিথ্যার কারখানা’ চিনে ফেলেছে।
অমিত শাহ স্পষ্ট জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমেরিকা-ভারত বাণিজ্যিক চুক্তিতে দেশের কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থ ১০০ শতাংশ সুরক্ষিত রাখা হয়েছে। উল্টে ইউপিএ সরকারের আমলেই কৃষকদের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছিল বলে তিনি পালটা তোপ দাগেন।
এদিন পুদুচেরির প্রাক্তন কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করে শাহ বলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী নারায়ণস্বামী পুদুচেরিকে গান্ধী পরিবারের ‘এটিএম’ বানিয়ে ফেলেছিলেন। শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি থেকে শুরু করে তফশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত আসন চড়া দামে বিক্রি করার মতো গুরুতর অভিযোগও আনেন তিনি। শাহের দাবি, বিগত পাঁচ বছরে কংগ্রেস কেবল দুর্নীতি আর বিশৃঙ্খলা উপহার দিয়েছে, যা মোদী সরকার ক্ষমতায় এসে উন্নয়নের পথে চালিত করেছে। ২০২৯ সালের লোকসভা নির্বাচনেও এনডিএ জোটের বিপুল জয়ের ব্যাপারে এদিন আত্মবিশ্বাস প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

