ভোটের আগে মমতার মাস্টারস্ট্রোক, বারাসত থেকে মুর্শিদাবাদে বড় দায়িত্বে জ্যোতিপ্রিয় – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে তিন জেলায় নির্বাচনী কোর কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। বারাসাত সাংগঠনিক জেলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে যুগ্ম আহ্বায়ক পদে বসিয়ে বড় দায়িত্ব দেওয়া হয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রকাশিত এই তালিকায় বারাসাত ছাড়াও বহরমপুর ও জঙ্গিপুর জেলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
দীর্ঘদিনের কংগ্রেস দুর্গ হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলায় আধিপত্য বজায় রাখতে বিশেষ কৌশল নিয়েছে শাসকদল। জঙ্গিপুরে ১০ জন এবং বহরমপুরে ১৬ জনের শক্তিশালী কোর কমিটি গঠন করা হয়েছে। গত লোকসভা নির্বাচনের সাফল্যকে হাতিয়ার করে চতুর্থবার ক্ষমতায় ফেরার লক্ষ্যেই এই সাংগঠনিক রদবদল বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এই নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।

