ইরানের দিকে ধেয়ে আসছে বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী, ঘনীভূত হচ্ছে যুদ্ধের মেঘ – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে বিশ্বের বৃহত্তম যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ক্যারিবীয়ান সাগর থেকে ইরানের অভিমুখে পাঠিয়েছে আমেরিকা। পরমাণু চুক্তি নিয়ে অচলাবস্থার মাঝেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই আধুনিক রণতরীটি একসঙ্গে বহু যুদ্ধবিমান পরিচালনায় সক্ষম, যা ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিকে আরও শক্তিশালী করবে।
গত বছর ইরানের পরমাণু ঘাঁটিতে হামলার পর থেকেই দুই দেশের সম্পর্ক চরম উত্তপ্ত হয়ে আছে। ওয়াশিংটনের পক্ষ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও হিজবুল্লাহর ওপর থেকে সমর্থন প্রত্যাহারের শর্ত দেওয়া হলেও তেহরান তাতে কর্ণপাত করেনি। ফলে শান্তি আলোচনার সম্ভাবনা ফিকে হয়ে আসছে এবং এই বিশাল নৌবহর মোতায়েন পশ্চিম এশিয়ায় এক ভয়াবহ সামরিক সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

