জমি নিয়ে বিবাদের চরম পরিণতি! দাদাকে পিটিয়ে খুনের পর পুকুরে ফেলে দিল নিজের ভাই – এবেলা
এবেলা ডেস্কঃ
নদিয়ার চাপড়া থানার পূর্ব খ্রিস্টান পাড়া এলাকায় সোমবার সকালে এক চাঞ্চল্যকর খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। জমিজমা সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৫৮ বছর বয়সী মনোজ মণ্ডলকে তাঁর নিজের ভাই পিটিয়ে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা মনোজবাবুর দেহ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের ছেলে মার্টিন মণ্ডলের দাবি, রবিবার রাত থেকেই তাঁর বাবা নিখোঁজ ছিলেন। সকালে রাস্তার ধারে বাবার টর্চ এবং কাউকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার দাগ দেখে তিনি পুকুর পর্যন্ত পৌঁছান এবং সেখানেই বাবার নিথর দেহ দেখতে পান।
মার্টিনের সরাসরি অভিযোগ, তাঁর কাকা অর্থাৎ মনোজবাবুর ভাই জমি সংক্রান্ত বিবাদের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন। অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চাপড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
