ছেলের শোক সইতে না পেরে আত্মঘাতী দম্পতি – এবেলা
এবেলা ডেস্কঃ
February 17, 202611:28 am
ছত্তীসগড়ে এক মর্মান্তিক ঘটনায় সড়ক দুর্ঘটনায় মৃত একমাত্র ছেলের শোক সইতে না পেরে আত্মহননের পথ বেছে নিলেন এক দম্পতি। পেশায় মিস্ত্রি কৃষ্ণ প্যাটেল এবং তাঁর স্ত্রী রামা বাঈ বাড়ির একটি নিমগাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ২০২৪ সালে তাঁদের কিশোর ছেলে আদিত্য একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, আদিত্যর মৃত্যুর পর থেকেই ওই দম্পতি চরম মানসিক অবসাদে ভুগছিলেন এবং গত এক বছর ধরে তাঁরা প্রায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন।
মৃত্যুর আগে ওই দম্পতি চার পাতার একটি সুইসাইড নোট এবং একটি ভিডিও বার্তা রেখে গেছেন। সেখানে তাঁরা জানিয়েছেন, সন্তানহীন জীবনে বেঁচে থাকা তাঁদের কাছে অর্থহীন হয়ে পড়েছিল, তাই তাঁরা স্বেচ্ছায় ঈশ্বরের চরণে নিজেদের সমর্পণ করছেন। চিঠিতে কৃষ্ণ লিখেছেন যে, দীর্ঘ যন্ত্রণার পর অবশেষে তাঁদের মন শান্ত হয়েছে এবং তাঁরা বিশ্বাস করেন যে মৃত্যুর মাধ্যমেই ঈশ্বরের সঙ্গে তাঁদের মিলন ঘটবে। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
ভিডিও বার্তায় তাঁরা তাঁদের আইনজীবীর উদ্দেশ্যে বিশেষ নির্দেশ দিয়ে গেছেন। দুর্ঘটনায় মৃত আদিত্যর ক্ষতিপূরণ বাবদ প্রাপ্ত অর্থ যেন কৃষ্ণ প্যাটেলের দুই দাদা কুলভরা ও জলভরা প্যাটেলকে দেওয়া হয়, সেই অনুরোধও জানিয়েছেন তাঁরা। সুইসাইড নোটে তাঁরা স্পষ্ট করে দিয়েছেন যে, এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এবং তাঁরা অত্যন্ত শান্ত মনে পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন। ঘটনার আকস্মিকতায় গোটা গ্রাম শোকস্তব্ধ হয়ে পড়েছে।

