সিপিএম ছাড়লেন প্রতীক-উর রহমান, বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগদানের জল্পনা
এসএফআই-এর প্রাক্তন রাজ্য সভাপতি তথা গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতীক-উর রহমান দলত্যাগ করেছেন। রবিবার দলীয় নেতৃত্বকে চিঠি দিয়ে তিনি নিজের সিদ্ধান্তের কথা জানান। চিঠিতে প্রতীক-উর উল্লেখ করেছেন যে, দলের কঠোর অনুশাসনের সঙ্গে তিনি নিজেকে আর খাপ খাইয়ে নিতে পারছেন না। তাঁর এই আকস্মিক বিদায়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।
রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে যে, আগামী বিধানসভা নির্বাচনে প্রতীক-উর রহমান তৃণমূল কংগ্রেসের টিকিটে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন। যদিও দলবদল প্রসঙ্গে তিনি নিজে এখনই স্পষ্ট করে কিছু জানাননি। প্রতীক-উরের মতে, এটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত এবং দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তিনি এখনই প্রকাশ্যে মুখ খুলতে নারাজ।
প্রতীক-উরের দলত্যাগ নিয়ে সিপিএম নেতৃত্বকে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর দাবি, দলের অভ্যন্তরীণ বিরোধ ও নেতৃত্বের অযোগ্যতার কারণেই এই তরুণ নেতা সরে দাঁড়িয়েছেন। একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করা এই নেতার পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

