লেটেস্ট নিউজ

১৬ বছরের কম বয়সীদের জন্য বন্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া? অস্ট্রেলিয়ার পথে হেঁটে বড় পদক্ষেপ নিতে চলেছে গোয়া সরকার – এবেলা

এবেলা ডেস্কঃ

শিশুদের হাতে আর থাকবে না ফেসবুক-ইনস্টাগ্রাম! ডিজিটাল আসক্তি এবং সাইবার বুলিং রুখতে এবার কঠোর অবস্থান নিতে চলেছে গোয়া সরকার। ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করছে রাজ্যটি। সম্প্রতি অস্ট্রেলিয়ার নেওয়া নজিরবিহীন সিদ্ধান্তের আদলেই এই নয়া নীতি তৈরির পথে এগোচ্ছে প্রশাসন।

গোয়ার তথ্যপ্রযুক্তি মন্ত্রী রোহান খাউন্টে সোমবার জানিয়েছেন, বর্তমান সময়ে ডিজিটাল আসক্তি, অনলাইনে হেনস্থা এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ১৬ বছর বয়সটি অত্যন্ত সংবেদনশীল। এই বয়সে পড়াশোনা ও সার্বিক বিকাশে মন দেওয়ার বদলে অনেক শিশু সোশ্যাল মিডিয়ার জালে জড়িয়ে উদ্বেগ ও অবসাদে ভুগছে। সেই কারণেই এই বয়সের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে লাগাম টানার কথা গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে।

এই বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে সরকারের। যেখানে শিক্ষাবিদ, অভিভাবক-শিক্ষক অ্যাসোসিয়েশন এবং তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের রাখা হবে। মন্ত্রী স্পষ্ট করেছেন যে, কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া হবে না। কেন্দ্রীয় আইটি আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সকলের মতামত নিয়েই চূড়ান্ত রূপরেখা তৈরি হবে। একদিকে যেমন শিশুদের ডিজিটাল বিপদ থেকে রক্ষা করা লক্ষ্য, তেমনই অন্যদিকে ইন্টারনেটের শিক্ষামূলক ব্যবহারের ওপর জোর দিতে চাইছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *