ভোটে সমীক্ষার নামে ‘বহিরাগত’ আতঙ্ক, হুগলিতে গ্রেফতার উত্তরপ্রদেশের যুবক – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচনের মুখে হুগলির দেবানন্দপুরে ভুয়ো পরিচয় দিয়ে জনসমীক্ষা চালানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বিকাশ শর্মা উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে। এলাকার বাড়ি বাড়ি গিয়ে বিধায়কের কাজ বা পছন্দের মুখ্যমন্ত্রী সংক্রান্ত প্রশ্ন করায় স্থানীয়দের মনে সন্দেহ জাগে। কোনো বৈধ নথি দেখাতে না পারায় গ্রামবাসীরা তাকে পুলিশের হাতে তুলে দেয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বহিরাগতদের আনাগোনা এবং শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করে পুলিশকে সতর্ক করেছিলেন। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ ধর জানান, অপরিচিত যুবকের আচরণে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। একটি কনসাল্টিং কো ম্পা নির আই কার্ড ও মোবাইল অ্যাপ ব্যবহার করে ওই যুবক তথ্য সংগ্রহ করছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে কার নির্দেশে সে এই সমীক্ষা চালাচ্ছিল। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় বিজেপির যোগসাজশের অভিযোগ তোলা হয়েছে। ওই যুবকের কাছে সমীক্ষা করার কোনো সরকারি বা বৈধ অনুমতি ছিল কি না, তা খতিয়ে দেখছে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। ঘটনার জেরে জেলাজুড়ে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

