লেটেস্ট নিউজ

ভাঙড়ে রাসায়নিকের ড্রাম বিস্ফোরণে জখম ৪ শিশু, তদন্তে পুলিশ

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে রাস্তা তৈরির কাজে ব্যবহৃত রাসায়নিকের ড্রাম ফেটে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় ভাঙড় থানার মধ্য খড়গাছি এলাকায় এই বিস্ফোরণের ফলে চার শিশু গুরুতর জখম হয়। পুলিশ জানিয়েছে, ঘটকপুকুর থেকে চুটকির মোড় পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য রাস্তার ধারে ওই ড্রামগুলো রাখা ছিল।

প্রত্যক্ষদর্শীদের মতে, শিশুরা ড্রামগুলোর কাছে খেলার সময় আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে সাদিকুল নামে এক শিশু যন্ত্রণায় পাশের পুকুরে ঝাঁপ দেয়। স্থানীয়রা দ্রুত জখমদের উদ্ধার করে প্রথমে নলমুড়ি ব্লক হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের কলকাতার এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

খবর পেয়ে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অসাবধানতাবশত বিড়ির আগুন থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত জারি রয়েছে এবং ওই এলাকায় নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *